নাটোরের সিংড়া উপজেলার একটি নির্জন মাঠে আমগাছ থেকে ঝুলন্ত অবস্থায় এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৭ জুন) সকালে উপজেলার শেরকোল ইউনিয়নের নীলচরা গ্রামের একটি নির্জন মাঠে আমগাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মঞ্জিল (৬০) নীলচরা গ্রামের মৃত কেফাতুল্লার ছেলে। তিনি পেশায় একজন ভ্যানচালক ছিলেন।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রফিকুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।
এ ঘটনায় পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিষয়টি তদন্ত করছে।




