দিনাজপুরের নবাবগঞ্জে গোপনে ঘোড়া জবাই করে গরুর মাংস হিসেবে বিক্রির প্রস্তুতিকালে তিনজনকে আটক করে ভ্রাম্যমান আদালত। তাদের প্রত্যেককে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
শুক্রবার (৩ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার গাজীপুর সুপারি বাগান এলাকায় অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট। এসময় ঘটনাস্থল থেকে ৬টি ঘোড়া জবাইয়ের প্রমাণসহ প্রায় ১২ মন মাংস জব্দ করা হয়। জব্দকৃত মাংস মাটিতে পুঁতে নষ্ট করা হবে বলে জানানো হয়েছে।
দণ্ডপ্রাপ্তরা হলেন আব্দুল্লাহ, রুবেল ও রবিউল। তাদের বাড়ি যথাক্রমে নেত্রকোনা, নীলফামারী ও রংপুর জেলায়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জিল্লুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় এবং ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দণ্ড প্রদান করা হয়।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তারা মাংসের সত্যতা নিশ্চিত করতে প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন।





