চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চৌডালা এলাকায় জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির ঘটনার প্রতিবাদে এবং সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) বেলা সাড়ে ১১টায় উপজেলার চৌডালা মাদরাসা মোড় কলেজপাড়া এলাকায় ভুক্তভোগী জমির মালিকদের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, এলাকার ভূমিদস্যু হিসেবে পরিচিত শরিফুল, মতিন, শাহ আলম ও বদিউরসহ একটি চক্র স্থানীয় মানুষের বিভিন্ন জমি জোরপূর্বক দখলের অপচেষ্টা চালাচ্ছে। এমনকি জমি দখলের সময় তারা চাঁদাবাজির মতো ঘটনাও ঘটাচ্ছে বলে অভিযোগ করেন বক্তারা। এ কারণে প্রকৃত জমির মালিকরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানান তারা।
বক্তারা এসব ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ভুক্তভোগীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন মো. জুয়েল আলী, বাইরুল ইসলাম, তাজেমুল হক, সাম মোহাম্মদ, আনারুল হক ও আব্দুল মজিদসহ স্থানীয় আরও অনেকে।
এ বিষয়ে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, অভিযোগের বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।





