ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় বিভিন্ন মসজিদের ইমাম ও খতিবদের সঙ্গে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ ও গণভোট বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ১০টায় উপজেলার ৫০০ আসনবিশিষ্ট অডিটোরিয়ামে হালুয়াঘাট উপজেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা আলিনুর খান। এতে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি), হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), উপজেলা নির্বাচন কর্মকর্তা প্রমুখ।

আলোচকরা বলেন, গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে সঠিক তথ্য সাধারণ জনগণের কাছে পৌঁছে দিতে ইমাম ও খতিবদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাঁরা গ্রামীণ পর্যায়ে ধর্মীয় ও সামাজিক নেতৃত্বের মাধ্যমে জনগণকে সচেতন করতে পারেন।

বক্তারা আরও জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেন সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়, সে লক্ষ্যে সকলের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।

মতবিনিময় সভায় বিজিবি সদস্য, বিভিন্ন মসজিদের ইমাম ও খতিবগণ, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

  • ছবি সংগৃহীত