মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জসহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় গত কয়েকদিন ধরে শীতের তীব্রতা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। তাপমাত্রা নেমে এসেছে ৮–৯ ডিগ্রি সেলসিয়াসে। প্রচণ্ড শীতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন দুঃস্থ, ছিন্নমূল ও অসহায় মানুষ। শীতের কারণে তাদের স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
এমন পরিস্থিতিতে মানবিক দায়িত্ববোধ থেকে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক। গতকাল ১১ জানুয়ারি তিনি কোনো ধরনের প্রচার-প্রচারণা ছাড়াই, লোকচক্ষুর অন্তরালে রাতের আঁধারে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় সরেজমিনে উপস্থিত হন।
শীতার্ত অসহায় মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে তিনি নিজ হাতে কম্বল বিতরণ করেন। শীতবস্ত্র পেয়ে সুবিধাভোগীরা আবেগ-আপ্লুত হয়ে পড়েন এবং বিজিবির প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনেকেই এমন মানবিক উদ্যোগে বিস্ময় প্রকাশ করেন।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অধিনায়কের এই উদার ও মানবদরদী কর্মকাণ্ড বেসামরিক অঙ্গনে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। এতে বিজিবির প্রতি সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা আরও দৃঢ় হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।
সাধারণ জনগণের প্রত্যাশা, এই মানবিক উদ্যোগ সমাজের বিত্তবান ও প্রভাবশালী ব্যক্তিদেরও শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে উৎসাহিত ও অনুপ্রাণিত করবে।
- ছবি সংগৃহীত