রাজধানীর পশ্চিম কাফরুল এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অবৈধ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও মাদকদ্রব্যসহ এক সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল ৩১ ডিসেম্বর ২০২৫ ভোর রাতে দারুসসালাম সেনা ক্যাম্পের একটি অভিযানিক দল শের-ই-বাংলা নগর থানাধীন পশ্চিম কাফরুল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় মোঃ মাহফুজ শিকদার (৩৫) নামের একজনকে আটক করা হয়।
অভিযানে তার হেফাজত থেকে একটি ৭.৬৫ মি.মি. বিদেশি পিস্তল, একটি ১২ গেজ একনলা শটগান, ৭.৬৫ মি.মি. পিস্তলের ২৭ রাউন্ড গুলি, শটগানের ১৫৭ রাউন্ড গোলাবারুদ, দুটি পিস্তল ম্যাগাজিন, চারটি দেশীয় অস্ত্র এবং ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে বলে জানায় সেনাবাহিনী। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। একই সঙ্গে অপরাধমূলক কর্মকাণ্ড সংক্রান্ত যেকোনো তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা বাহিনীকে জানাতে সাধারণ জনগণের প্রতি আহ্বান জানিয়েছে
- ছবি সংগৃহীত
