দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে ভোটার তালিকায় নিজের নাম অন্তর্ভুক্ত ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধনের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (গতকাল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের অধিভুক্ত নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে তিনি ভোটার হিসেবে নিবন্ধন কার্যক্রম শেষ করেন।
সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শহীদ ওসমান হাদির কবর জিয়ারত শেষে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আগারগাঁওয়ে যান তারেক রহমান। সেখানে নির্ধারিত কেন্দ্রে গিয়ে তিনি ছবি তোলা, দশ আঙুলের ছাপ প্রদান, চোখের আইরিশ তথ্য সংগ্রহ এবং স্বাক্ষরের মাধ্যমে ভোটার নিবন্ধনের প্রয়োজনীয় সব ধাপ সম্পন্ন করেন।
একই দিনে তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানও ভোটার নিবন্ধন কার্যক্রম শেষ করেন। নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় তারা দু’জনই শিগগির জাতীয় পরিচয়পত্র (এনআইডি) হাতে পাবেন বলে জানা গেছে।
নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমান ভোটার নিবন্ধনের জন্য ‘ফর্ম-২’ পূরণ করে আবেদন জমা দিয়েছেন। তারা ঢাকা-১৭ সংসদীয় আসনের অন্তর্ভুক্ত ১৯ নম্বর ওয়ার্ডে ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন। নিবন্ধন শেষে প্রয়োজনীয় বায়োমেট্রিক ও আইরিশ তথ্য সংগ্রহ করা হয়েছে। বিষয়টি রোববার কমিশনের বৈঠকে উপস্থাপন করা হবে এবং কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তি চূড়ান্ত হবে।
ইসি সচিব আরও জানান, ভোটার তালিকা আইন, ২০০৯-এর ১৫ ধারায় নির্বাচন কমিশনের এখতিয়ার রয়েছে—যেকোনো প্রাপ্তবয়স্ক ও ভোটার হওয়ার যোগ্য নাগরিককে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার।
এদিকে কড়া নিরাপত্তার মধ্যেই গতকাল সকালে গুলশানের বাসভবন থেকে বের হন তারেক রহমান। আগের দুই দিনের মতো লাল-সবুজ রঙে সাজানো বাস ব্যবহার না করে তিনি সাদা রঙের একটি ফুলে সাজানো এসইউভি গাড়িতে আগারগাঁওয়ে যান।
দুপুর ১টার দিকে তিনি আগারগাঁওয়ে নির্বাচন ভবনের পেছনে অবস্থিত নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনে প্রবেশ করেন। ভবনের নিচতলার একটি কক্ষে প্রবাসী ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের এনআইডি সংক্রান্ত বিশেষ সেবা দেওয়া হয়। সেখানে উপস্থিত নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদের তত্ত্বাবধানে তারেক রহমান নিবন্ধনের আনুষ্ঠানিক কাজ সম্পন্ন করেন।
উল্লেখ্য, এক-এগারো পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৮ সালে দেশে প্রথমবারের মতো ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন করা হয়। ওই বছরের ১১ সেপ্টেম্বর কারামুক্ত হয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান চিকিৎসার উদ্দেশ্যে লন্ডনে যান। বিদেশে অবস্থানের কারণে সে সময় তিনি ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারেননি। পরবর্তী সময়ে আওয়ামী লীগ সরকারের আমলে তিনি দেশে না ফেরায় এতদিন ভোটার হিসেবেও নিবন্ধিত ছিলেন না।
দলীয় সূত্রে জানা গেছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমান তার পৈতৃক এলাকা বগুড়া সদর (বগুড়া-৬) আসন থেকে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ইতোমধ্যে তার পক্ষে স্থানীয় বিএনপি নেতারা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
- ছবি সংগৃহীত