শহীদ শরিফ ওসমান হাদি হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে রাজপথে থাকার ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। সংগঠনটির নেতারা জানিয়েছেন, হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী ও বাস্তবায়নকারীদের আইনের আওতায় না আনা পর্যন্ত তাদের আন্দোলন চলবে।

পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজের পর শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। বিকেলের দিকে কর্মসূচি থেকে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়।

এ সময় ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের বলেন, শহীদ হাদি হত্যার সঙ্গে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত, তাদের গ্রেপ্তার না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ার প্রশ্নই আসে না। তিনি বলেন, আজ শাহবাগ অবরোধ করা হয়েছে, আগামীকালও এই কর্মসূচি অব্যাহত থাকবে। দেশের বিভিন্ন স্থান থেকে মানুষ আন্দোলনে যোগ দিতে আসছেন বলেও তিনি জানান।

অবরোধে বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ অংশ নেন। দীর্ঘ সময় ধরে কর্মসূচি চলায় শাহবাগ ও আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

বিক্ষোভ চলাকালে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। এর মধ্যে ছিল— “আপস না বিপ্লব”, “আমরা সবাই হাদি হব”, “বিচার চাই”, “যে হাদি জনতার, সে হাদি মরে না”—সহ একাধিক প্রতিবাদী স্লোগান।

কর্মসূচিতে বক্তব্য দেন শহীদ হাদির ভাই শরিফ ওমর বিন হাদি। তিনি অভিযোগ করেন, সরকারের আচরণে বিচার নিয়ে আন্তরিকতার অভাব স্পষ্ট। তার ভাষায়, ওসমান হাদির হত্যার বিচার এখন শুধু একটি পরিবারের নয়, বরং দেশের কোটি মানুষের দাবি। তিনি বলেন, বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা রাজপথেই থাকবেন এবং প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। একই সঙ্গে রাষ্ট্রের পরিস্থিতি আরও জটিল হওয়ার আগেই সরকারকে দায়িত্বশীল ভূমিকা নেওয়ার আহ্বান জানান তিনি।

  • ছবি সংগৃহীত