ভারতে মেডিকেল ভর্তি পরীক্ষা (নিট) প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এবং আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে শুক্রবার (২৪ জুলাই) দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় সংগঠনটি শিক্ষার্থী ও সাধারণ মানুষকে কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানায়।

সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক আশ্বাসকে ‘ভণ্ডামি’ বলে মন্তব্য করেন। তার ভাষ্য, সরকারের প্রতিশ্রুতিতে আস্থা নেই এবং শুক্রবারের কর্মসূচিতে শিক্ষার্থীদের দাবিগুলো আরও জোরালোভাবে তুলে ধরা হবে।

তিনি অসুস্থতার কারণে দিল্লির যন্তর মন্তরে অবস্থান থেকে সাময়িক বিরতি নিলেও আন্দোলন চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।

অন্যদিকে, কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং দাবি করেন, সরকার চার দফা আলোচনার উদ্যোগ নিলেও সিজেপির পক্ষ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, আন্দোলনকারীরা চাইলে কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডার বাসভবন বা কার্যালয়ে আলোচনায় বসতে পারেন।

এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘটনার বিচার নিশ্চিতে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন এবং দোষীদের কঠোর শাস্তির আশ্বাস দেন। তবে আন্দোলনকারীরা সেই আশ্বাস প্রত্যাখ্যান করেছেন।

সিজেপি এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধী জানিয়েছেন, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং শিক্ষার্থীদের কাছে সরকারের আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনার দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। রাহুল গান্ধীর অভিযোগ, সরকারের নীতিগত ব্যর্থতার কারণে লাখো শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে।

  • মসজিদের ক্ষতিগ্রস্ত স্থান।