ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং টানা ভারী বৃষ্টির কারণে তিস্তা নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে বিপৎসীমা অতিক্রম করেছে। এতে লালমনিরহাট জেলার নদীতীরবর্তী চরাঞ্চল ও নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) রাত ৯টায় তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে নদীর পানির উচ্চতা রেকর্ড করা হয় ৫২ দশমিক ১৮ মিটার। এ পয়েন্টে বিপৎসীমা ৫২ দশমিক ১৫ মিটার হওয়ায় পানি ৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
পানি উন্নয়ন বোর্ড জানায়, ভারতের উজানে কয়েক দিনের ভারী বৃষ্টিপাতের কারণে তিস্তার পানি বেড়েছে। এর প্রভাবে বাংলাদেশ অংশেও নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়েছে। পরিস্থিতি অব্যাহত থাকলে নিম্নাঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বন্যা দেখা দিতে পারে।
ইতোমধ্যে তিস্তার চরাঞ্চলের কিছু এলাকায় রাস্তাঘাট ও কৃষিজমিতে পানি ঢুকতে শুরু করেছে। স্থানীয়দের আশঙ্কা, পানি আরও বাড়লে লালমনিরহাটের পাঁচ উপজেলার নদীতীরবর্তী বহু পরিবার পানিবন্দি হয়ে পড়তে পারে। পাশাপাশি বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও নদীপাড়ের সড়কও ঝুঁকির মুখে পড়তে পারে।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, শুষ্ক মৌসুমে প্রয়োজনীয় বাঁধ সংস্কার না করায় বর্ষা এলেই নদীভাঙন ও বন্যার ঝুঁকি বেড়ে যায়। তাদের মতে, সময়মতো টেকসই সংস্কারকাজ করা হলে ক্ষয়ক্ষতি অনেকটাই কমানো সম্ভব হতো।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, উজান থেকে পানির প্রবাহ অব্যাহত থাকায় তিস্তার পানি বেড়েছে। পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে এবং নদীতীরবর্তী নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
- মসজিদের ক্ষতিগ্রস্ত স্থান।