ময়মনসিংহে আসন্ন এইচএসসি, আলিম ও এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষা-২০২৬ সুষ্ঠু, নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন ২০২৬) বিকেল ৪টায় ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার। সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুর রহমান।
সভায় আসন্ন উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষাসমূহ সম্পূর্ণ নকলমুক্ত, সুশৃঙ্খল ও সুনিয়ন্ত্রিত পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি পরীক্ষাকেন্দ্রের নিরাপত্তা, প্রশ্নপত্রের গোপনীয়তা রক্ষা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং পরীক্ষার্থীদের জন্য অনুকূল ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
সভায় শিক্ষা প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বক্তারা পরীক্ষার সার্বিক সফলতা নিশ্চিত করতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
- মসজিদের ক্ষতিগ্রস্ত স্থান।