ফরিদপুরের বোয়ালমারীতে ঈদুল আজহা উপলক্ষে ইমাম ও মুয়াজ্জিনদের জন্য বরাদ্দ করা সরকারি চাল এক ব্যক্তির বাড়ি থেকে উদ্ধার করেছে প্রশাসন। উদ্ধার করা চাল পরে পৌরসভায় জমা দেওয়া হয়েছে।

বুধবার রাত সাড়ে ৮টার দিকে বোয়ালমারী পৌরসভার আঁধারকোঠা এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শিব্বির আহমেদ। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।

প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫০ কেজির ১২ বস্তা এবং অতিরিক্ত ৩০ কেজিসহ মোট ৬৩০ কেজি চাল উদ্ধার করা হয়। পরে সেগুলো জব্দ করে পৌরসভায় হস্তান্তর করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শিব্বির আহমেদ বলেন, এ ঘটনায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদুল আজহা উপলক্ষে পৌর এলাকার ইমাম ও মুয়াজ্জিনদের মধ্যে বিতরণের জন্য সরকারিভাবে ভিজিএফের চাল বরাদ্দ দেওয়া হয়েছিল।

অভিযুক্ত সাবেক কাউন্সিলর আব্দুস সামাদ খান বলেন, প্রতি বছরই ইমাম ও মুয়াজ্জিনদের জন্য বরাদ্দ চাল তার বাড়িতে রাখা হয়। বিষয়টি নিয়ে তাকে রাজনৈতিকভাবে হয়রানির চেষ্টা করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।

এদিকে বোয়ালমারী ইমাম পরিষদের সাধারণ সম্পাদক সাহেব আলী জানান, বিকেলে পৌরসভা থেকে চাল এনে ওই বাড়িতে রাখা হয়েছিল এবং আগামী সোমবার তা ইমাম ও মুয়াজ্জিনদের মধ্যে বিতরণের পরিকল্পনা ছিল। পরে প্রশাসন এসে চালগুলো নিয়ে যায়।

  • মসজিদের ক্ষতিগ্রস্ত স্থান।