সিলেটের গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলির জবাবে পাল্টা গুলি ছুড়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি জানিয়েছে, তাদের দ্রুত ও পেশাদার পদক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং বর্তমানে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, সোমবার বিকেলে সিলেট ব্যাটালিয়নের আওতাধীন গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। ওই সময় বিএসএফ সীমান্তের দিকে গুলি ছুড়লে বিজিবি তাৎক্ষণিকভাবে জবাব দেয়।
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পরে উভয় পক্ষের পরিস্থিতি শান্ত হলে সীমান্ত এলাকায় টহল ও নজরদারি আরও বাড়ানো হয়।
মঙ্গলবার সিলেট ৪৮ বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্তে যেকোনো ধরনের উসকানিমূলক পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় বাহিনীটি দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করছে বলেও উল্লেখ করা হয়।
এ ছাড়া সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের অবৈধভাবে সীমান্ত অতিক্রম ও অননুমোদিত কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে বিজিবি।
- মসজিদের ক্ষতিগ্রস্ত স্থান।