চাঁপাইনবাবগঞ্জে ভুয়া ওয়ারিশ সনদ ব্যবহার করে অন্যের জমি নিজের নামে নামজারি (মিউটেশন) করার চেষ্টার অভিযোগে মোঃ আব্দুস সাত্তার নামে এক ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১০ মে) চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ভূমি অফিসে এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত আব্দুস সাত্তার সদর উপজেলার কৃষ্ণগোবিন্দপুর মিয়াপাড়া গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে।
ভূমি অফিস সূত্রে জানা গেছে, আব্দুস সাত্তার জালিয়াতির মাধ্যমে একটি ভুয়া ওয়ারিশ সনদ তৈরি করেন। পরে সেই সনদ ব্যবহার করে অন্যের মালিকানাধীন জমি নিজের নামে নামজারি করার চেষ্টা করেন। বিষয়টি কর্তৃপক্ষের নজরে এলে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ একরামুল হক নাহিদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেন। জালিয়াতির অপরাধে তাকে ৩ (তিন) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। পরে আইনগত প্রক্রিয়া শেষে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মোঃ একরামুল হক নাহিদ বলেন, “ভূমি সংক্রান্ত যেকোনো ধরনের জালিয়াতি বা প্রতারণা রোধে আমাদের জিরো টলারেন্স নীতি বজায় থাকবে। সরকারি কাজে বিঘ্ন ঘটানো কিংবা ভুয়া নথি ব্যবহার করে সাধারণ মানুষের জমি আত্মসাতের চেষ্টা করলে কাউকেই ছাড় দেওয়া হবে না।”
তিনি আরও জানান, সাধারণ মানুষকে হয়রানিমুক্ত রাখতে এবং ভূমিসেবা আরও স্বচ্ছ করতে নিয়মিতভাবে কঠোর তদারকি ও অভিযান পরিচালনা করা হবে।
- মসজিদের ক্ষতিগ্রস্ত স্থান।