মোঃ হাসানুর জামান বাবু, চট্টগ্রাম প্রতিনিধিঃ ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি এবং চট্টগ্রাম-৮ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এরশাদুল্লাহ সন্ত্রাসীদের গুলিতে আহত হওয়ার প্রতিবাদে চট্টগ্রামের পটিয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো।
বিএনপির কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে পটিয়া উপজেলা পরিষদ সংলগ্ন মহাসড়কে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল পটিয়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পোস্ট অফিস জেলা পরিষদ মার্কেট এলাকায় গিয়ে শেষ হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ইদ্রিস মিয়া। প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব রেজাউল করিম নেছার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা সাইফুদ্দিন সালাম মিঠু।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য জাহাঙ্গীর আলম চৌধুরী, জাহাঙ্গীর কবির, ইব্রাহিম কমিশনার, শাহাদাত হোসেন সুমন, উপজেলা বিএনপি নেতা নাসির উদ্দীন, জসিম উদ্দিন মাস্টার, জিল্লুর রহমান চৌধুরী, দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সম্পাদক রবিউল হোসেন বাদশা, হারুনুর রশিদ চৌধুরী, হাজী নজরুল ইসলাম, আবু জাফর চৌধুরী, সাহাব উদ্দিন খোকন, নুরুল আমিন মধু, অ্যাডভোকেট ফোরকান, অ্যাডভোকেট আবদুস সবুর, অ্যাডভোকেট জসিম উদ্দিন, গাজী মনির, ফরিদুল আলম, সেলিম মাস্টার, আবদুল আলীম মেম্বার, মনসুর শরীফ, জহির উদ্দিন তসলিম, সাইফুল ইসলাম খোকন, জাগির মেম্বার, মামুন সিকদারসহ ছাত্রদল নেতা মুহাম্মদ হাবিব প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সকল প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ইদ্রিস মিয়া, এরশাদুল্লাহ ও শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান তারা।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার না করা হলে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি আরও বৃহত্তর ও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।
- ছবি সংগৃহীত
