দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-১ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে মুগডাল বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) বিকেল ৩টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিস চত্বরে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অশোক বিক্রম চাকমা, উপজেলা কৃষি অফিসার মোছা. আরজেনা বেগম, প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. মাসুদ রানা, কৃষি সম্প্রসারণ অফিসার মো. মেজবাহুর রহমান, সমাজসেবা অফিসার মো. মাসুদ রানা, হিলি প্রেসক্লাবের সভাপতি মো. গোলাম রব্বানী, স্থানীয় গণমাধ্যমকর্মী এবং কৃষকরা।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার অশোক বিক্রম চাকমা বলেন, সরকার কৃষকদের উন্নয়নের জন্য বিভিন্নভাবে কৃষি অফিসের মাধ্যমে ভর্তুকি দিয়ে বীজ ও রাসায়নিক সার প্রদান করছে। কৃষকদের এসব উপকরণ সঠিক সময়ে চাষাবাদে ব্যবহার করে দেশের খাদ্য চাহিদা পূরণে ভূমিকা রাখতে হবে। কৃষি সংক্রান্ত যেকোনো পরামর্শের জন্য কৃষি অফিস বা কৃষি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানান তিনি।
উপজেলা কৃষি অফিসার মোছা. আরজেনা বেগম জানান, মুগডাল চাষ বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনার আওতায় উপজেলার ২০ জন প্রান্তিক কৃষককে প্রতি বিঘার জন্য ৫ কেজি মুগডাল বীজ, ৫ কেজি এমওপি এবং ১০ কেজি ডিএপি সার প্রদান করা হয়েছে। তিনি বলেন, কৃষকদের যেকোনো সমস্যায় কৃষি অফিস মাঠপর্যায়ে নিরলসভাবে সেবা দিয়ে যাচ্ছে।
- মসজিদের ক্ষতিগ্রস্ত স্থান।