মহান স্বাধীনতা দিবস উপলক্ষে “আমাদের প্রত্যাশা” শীর্ষক একটি উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৪টা ৩০ মিনিটে রাজধানীর রমনাপার্কের উষা চত্বরে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে ২৫ মার্চের কালরাতে শহীদ হওয়া সকল নাগরিকের আত্মার মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করা হয়।
আলোচনা সভায় সংগঠনটির প্রধান সমন্বয়ক মোঃ মোস্তফা আল ইহযায বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও সবার আগে দেশপ্রেমকে প্রাধান্য দিতে হবে। তিনি বলেন, “আমরা বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন বা জাতীয় পার্টি—যে দলই করি না কেন, সবার আগে বাংলাদেশকে ভালোবাসতে হবে। দেশের প্রতিটি নাগরিককে দেশপ্রেমিক হতে হবে।”
তিনি আরও বলেন, দেশের স্বাধীনতার ইতিহাস বিকৃতি একটি দীর্ঘমেয়াদী রাজনৈতিক সমস্যা। বিভিন্ন সময়ে মুক্তিযুদ্ধের চেতনা ও প্রধান নেতাদের অবদান নিয়ে বিভ্রান্তিকর বয়ান তৈরি করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন। তিনি ২৬ মার্চ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত মুক্তিযুদ্ধের ঘটনাবলীর প্রামাণ্য নথিপত্র সংরক্ষণ ও গেজেটভুক্ত করার দাবি জানান।
সভায় আরও বক্তব্য রাখেন শাহ সুফি ইঞ্জিনিয়ার সৈয়দ আব্দুল হান্নান আল হাদী, প্রভাষক মু. শাহজাহান শাজু, সংগঠনের সমন্বয়ক মোঃ হারুন আর রশিদ খান, শেখ আহম্মেদ রাজু, মোঃ মিজান উদ্দিন, মোঃ শফিকুল ইসলাম, মোঃ শাহ পরান সায়েম, মোঃ মোসলেম আলী, মোঃ শাকিল মিয়া, তারেক রহমান শাওন, খান রায়হান, লায়জু আরেফিন, মোঃ হাসিবুর রহমান, ফাতেমা খাতুন রুনা ও আল ফারুকসহ অন্যান্যরা।
বক্তারা ছাত্র ও যুবসমাজকে দেশের প্রকৃত ইতিহাস জানার এবং জাতীয় ঐতিহ্য ধারণ করার আহ্বান জানান।
- ছবি সংগৃহীত