মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে ফের আটক হলো ফেন্সিডিলের বিকল্প নেশাজাতীয় ৯৪ বোতল ভারতীয় ‘চকো প্লাস’ সিরাপ।
শুক্রবার (১২ ডিসেম্বর) রাত প্রায় ১টা ৫৫ মিনিটে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের উপচাকপাড়া গ্রামে সীমান্ত পিলার ১৮২/৫-এস থেকে প্রায় ৫০ গজ ভেতরে চকপাড়া বিওপি’র বিশেষ টহল দল এ অভিযান চালায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে মালিকবিহীন সিরাপগুলো উদ্ধার করা হয়। আটক সিরাপের বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
এ প্রসঙ্গে মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,
“শীত মৌসুমে মাদক চোরাচালানে এটি নতুন সংযোজন। আমরা সীমান্তজুড়ে সর্বোচ্চ সতর্কতায় আছি, সকল প্রকার মাদক চোরাচালানের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
- ছবি সংগৃহীত