চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক দুটি অভিযানে ভারত থেকে অবৈধভাবে আনা ১০টি গরু জব্দ করেছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)। গোপন সংবাদের ভিত্তিতে ২ মার্চ সকাল সাড়ে ৬টা থেকে সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্র জানায়, সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের কালিনগর এলাকা থেকে ৮টি এবং চরবাগডাংগা ইউনিয়নের চাচ্চুরচর এলাকা থেকে আরও ২টি গরু জব্দ করা হয়। জব্দকৃত গরুগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ২২ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।

পরবর্তীতে জব্দকৃত গরুগুলো প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।

এর আগে গত ফেব্রুয়ারি মাসেও সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৭৫ লাখ টাকা মূল্যের ৩৩টি গরু ও ২টি মহিষ জব্দ করে ৫৩ বিজিবি।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান জানান, সীমান্ত সুরক্ষা জোরদারসহ যেকোনো ধরনের চোরাচালান ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি সর্বদা সক্রিয় রয়েছে।

  • ছবি সংগৃহীত