চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা-র কেঁওচিয়া ইউনিয়নের তৈমুহনী এলাকায় জাতীয় বিদ্যুৎ গ্রিডের টাওয়ারের পাশ থেকে অবৈধভাবে মাটি কাটার প্রস্তুতিকালে আবু তাহের (৫৫) নামে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, জাতীয় গ্রিড টাওয়ারের পাশে অবৈধভাবে মাটি কাটার প্রস্তুতির খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানের সময় ঘটনাস্থল থেকে মাটি কাটার সরঞ্জাম ও পানি সেচের কাজে ব্যবহৃত দুটি ডিজেলচালিত সেলো মেশিন জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে অভিযুক্তকে ১,০০,০০০ টাকা জরিমানা আদায় করা হয় এবং মাটি কাটায় ব্যবহৃত দুটি সেলো মেশিন বিনষ্ট করা হয়।
প্রশাসনের কর্মকর্তারা জানান, জাতীয় বিদ্যুৎ সঞ্চালন লাইনের টাওয়ারের আশপাশে মাটি কাটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এতে টাওয়ারের ভিত্তি দুর্বল হয়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে এবং বিদ্যুৎ সরবরাহে মারাত্মক বিপর্যয়ের আশঙ্কা থাকে।
স্থানীয়দের অভিযোগ, সাতকানিয়া উপজেলায় দীর্ঘদিন ধরেই নির্বিচারে মাটি কাটা চলছে। রাজনৈতিক পটপরিবর্তনের পরও মাটিখেকোদের তৎপরতা কমেনি। প্রশাসন নিয়মিত অভিযান ও জরিমানা করলেও স্থায়ীভাবে এ কার্যক্রম বন্ধ করা যাচ্ছে না বলে জানান তারা।
এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধ মাটিকাটা রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থ ও রাষ্ট্রীয় স্থাপনা সুরক্ষায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা আরও জোরদার করা হবে।

- ছবি সংগৃহীত