হাকিমপুর উপজেলার হিলি এলাকায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটজন মাদকসেবী ও ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতের অভিযানে উপজেলার খট্রামাধবপাড়া ইউনিয়নের মাধবপাড়া গ্রামের আলুহাটি মোড় এলাকার একটি বাড়ি থেকে তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ সময় ২৫ পিস ইয়াবা ও ২৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তারকৃতদের আইনগত প্রক্রিয়া শেষে শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন।
গ্রেপ্তারকৃতরা হলেন-
পলাশ হোসেন (৩৮), মো. জুয়েল হোসেন (৩৭), লাল চান আলী (২৭), পিয়ারুল ইসলাম (২৭), আজাদুল ইসলাম (৩৮), মারুফ হোসেন (১৯), শাহিন বাবু (৩২) ও নুর জামান (৩৬)।
ওসি মো. জাকির হোসেন জানান, হাকিমপুর-হিলি সীমান্তবর্তী এলাকা হওয়ায় মাদক চোরাচালান রোধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে মাদকসহ আটজনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে (হাকিমপুর থানা মামলা নং-৬)। পুলিশের মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।