নিহারেন্দু চক্রবর্তী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ নাসিরনগর আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এম এ হান্নান আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছেন। মঙ্গলবার জাতীয় সংসদ ভবন-এ অনুষ্ঠিত নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানে বাংলাদেশ নির্বাচন কমিশন-এর কমিশনার এ এম এম নাসির উদ্দিন তাকে শপথ বাক্য পাঠ করান।

শপথ গ্রহণের মাধ্যমে এম এ হান্নান সংবিধান রক্ষা, দেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখা এবং জনগণের কল্যাণে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকার করেন।

শপথ শেষে তিনি বলেন, নাসিরনগরের উন্নয়ন, অবকাঠামো সম্প্রসারণ, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টি তার প্রধান অগ্রাধিকার। এ সময় তিনি শুভানুধ্যায়ী, দলীয় নেতাকর্মী ও স্থানীয় জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সবার সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য, স্বাধীনতার পর এই প্রথমবারের মতো বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে নাসিরনগর আসনে সংসদ সদস্য নির্বাচিত হলেন এম এ হান্নান। নাসিরনগরের ইতিহাসে তিনি ৮ম ব্যক্তি হিসেবে জাতীয় সংসদে যোগ দিলেন।

বিশেষ করে নাসিরনগরের প্রায় ৬০ হাজারের বেশি হিন্দু সম্প্রদায়ের ভোটাররা এবার ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে প্রমাণ করেছেন, তারা কোনো নির্দিষ্ট দলের ভোটব্যাংক নন। দেশের ও এলাকার স্বার্থে তাদের ভোট প্রয়োজনে পরিবর্তনযোগ্য। এম এ হান্নানের নিরঙ্কুশ জয়ে তাদের সমর্থন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে মনে করছেন স্থানীয়রা।

ত্রয়োদশ জাতীয় সংসদে এম এ হান্নানের বিজয়ের মাধ্যমে নাসিরনগরে নতুন নেতৃত্বের এক অধ্যায়ের সূচনা হলো। স্থানীয়দের প্রত্যাশা—তিনি সমন্বিত উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে যোগাযোগব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে কার্যকর ভূমিকা রাখবেন।

নাসিরনগর আসনের নির্বাচিত সংসদ সদস্যদের ধারাবাহিকতা

  • এডভোকেট মোহাম্মদ ছায়েদুল হক – ৫ বার নির্বাচিত (১৯৭৩, ১৯৯৬, ২০০১, ২০০৮, ২০১৪), বাংলাদেশ আওয়ামী লীগ
  • উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া – ১৯৭৯, স্বতন্ত্র
  • মো. মোজাম্মেল হক (কাপ্তান মিয়া) – ১৯৮৬, ১৯৮৮, জাতীয় পার্টি; এছাড়া ১৯৭০ সালের ঐতিহাসিক নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে এমপি নির্বাচিত
  • সৈয়দ মোর্শেদ কামাল – ১৯৯১, জাতীয় পার্টি
  • এস এম শাফি মাহমুদ – ফেব্রুয়ারি ১৯৯৬, স্বতন্ত্র
  • বদরুদ্দোজ্জা মো. ফরহাদ হোসেন সংগ্রাম – উপনির্বাচন ও ২০১৮ নির্বাচন, আওয়ামী লীগ
  • এস এ কে একরামুজ্জামান (সুখন) – ২০২৪, স্বতন্ত্র
  • এম এ হান্নান – ২০২৬, বিএনপি
  • ছবি সংগৃহীত