চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী নূরুল ইসলাম বুলবুল নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে গণসংযোগের পাশাপাশি গতকাল পদ্মা নদীর তীরে এক ব্যতিক্রমী আয়োজনের মাধ্যমে তিনি তাঁর নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন।

ইশতেহারে নূরুল ইসলাম বুলবুল তথ্যপ্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর চাঁপাইনবাবগঞ্জ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। এতে দারিদ্র্য দূরীকরণ, তরুণ-যুবক ও নারীদের জন্য কারিগরি শিক্ষার প্রসার, সুদবিহীন কৃষিঋণ, শিল্প-কারখানা ও ইপিজেড স্থাপন, শ্রমিকের ন্যায্য মজুরি নিশ্চিতকরণ, পানি ব্যবস্থাপনা উন্নয়ন, সড়ক অবকাঠামো উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যখাতে অগ্রাধিকারের প্রতিশ্রুতি দেওয়া হয়।

ইশতেহারে আরও উল্লেখ করা হয়—অবহেলিত দিয়াড় অঞ্চল নিয়ে পৃথক দিয়াড় উপজেলা গঠন, পদ্মা নদীতে টেকসই বাঁধ নির্মাণ, সন্ত্রাসমুক্ত নিরাপদ শহর গড়ে তোলা, তিন মাসের মধ্যে দুর্নীতিমুক্ত ও সেবামূলক প্রশাসন প্রতিষ্ঠা, নদীভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা গ্রহণ এবং রেল যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন। মোট ১০৫ দফা উন্নয়ন পরিকল্পনার মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জকে একটি উন্নত ও বাসযোগ্য জেলায় রূপান্তরের অঙ্গীকার করা হয়।

এদিকে, প্রার্থীর কন্যা জাইমা নূর সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় রয়েছেন। অষ্টম শ্রেণিতে পড়ুয়া জাইমা ফেসবুকে প্রায় ৬ লাখ অনুসারীর একটি প্ল্যাটফর্ম গড়ে তুলেছেন। তিনি বাবার নির্বাচনী এলাকা ঘুরে ভ্লগ তৈরি করছেন এবং সেসব ভিডিওতে বাবার ইশতেহার ও উন্নয়ন পরিকল্পনা তুলে ধরছেন।

একটি ভ্লগে তাকে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীর বাঁধের পাশে দাঁড়িয়ে কথা বলতে দেখা যায়। সেখানে তিনি বলেন, তাঁর বাবা নির্বাচিত হলে মহানন্দা নদীর তীর ঘেঁষে কক্সবাজারের মেরিন ড্রাইভের আদলে একটি রিভার ড্রাইভ সড়ক নির্মাণ করা হবে।

এছাড়াও জাইমা নূর সামাজিক মাধ্যমে বাবার বিভিন্ন কর্মকাণ্ড ও নির্বাচনী কার্যক্রম তুলে ধরছেন। তার এসব ভিডিও ও কনটেন্ট সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে। উল্লেখ্য, জাইমা নূর ইসলামী সংগীত পরিবেশন করেও পরিচিত।