সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের শ্যামপুর ক্যাম্পাসে শনিবার সকালে অনুষ্ঠিত হয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬।
৩১ জানুয়ারি সকালে রাজধানীর (শ্যামপুর সরকারি মডেল স্কুল ও কলেজ প্রাঙ্গণে) শুরু হয় সাউথ পয়েন্ট শ্যামপুর শাখার এই আয়োজন। শিক্ষার্থীরা বিভিন্ন রঙের পোশাকে মাঠে উপস্থিত হয়ে উৎসবমুখর পরিবেশ তৈরি করে। শৃঙ্খলাবদ্ধ প্যারেড টিমের নিখুঁত মার্চপাস্ট এবং মনোমুগ্ধকর ডিসপ্লে কার্যক্রম শুরুতেই দর্শক ও অভিভাবকদের নজর কেড়ে নেয়। শিক্ষার্থীদের সাথে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল তাদের অভিভাবকদেরও। এ বিষয়ে শ্যাম্পু শাখার অভিভাবকেরা জানান, শিক্ষার্থীদের পড়ালেখা ও মানসিক বিকাশে উৎসাহ প্রদান করে।
শিক্ষার্থীদের ডিসপ্লে পরিবেশনায় বাঙালি ইতিহাস, ঐতিহ্য ও ষড়ঋতুর চিত্র ফুটে ওঠে, যা পুরো অনুষ্ঠানকে সাংস্কৃতিক গভীরতায় সমৃদ্ধ করে।
সকাল সাড়ে ১০ ঘটিকায় প্রধান ও বিশেষ অতিথিদের আগমনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। পবিত্র কোরআন তেলাওয়াত, জাতীয় সংগীত এবং প্রতিষ্ঠানের নিজস্ব সংগীত পরিবেশনের মাধ্যমে প্রতিযোগিতার সূচনা ঘোষণা করা হয়। এরপর দিনব্যাপী শ্রেণি ও বয়সভিত্তিক দৌড় প্রতিযোগিতা, সুতা দৌড়, যেমন খুশি তেমন সাজোসহ নানা আয়োজন শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে। ছোট ছোট বিজয়, হাসি আর উল্লাসে মাঠজুড়ে তৈরি হয় এক অনন্য আবেগঘন পরিবেশ।
অভিভাবকদের জন্য ছিল বিশেষ প্রতিযোগিতার আয়োজন
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা পর্ষদের সদস্য মিসেস মনিমুন নাহার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার এম এ রশিদ ফাউন্ডেশনের সদস্য মিসেস এনামুন নাহার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্যামপুর ক্যাম্পাসের অধ্যক্ষ প্রফেসর নাজমুল হক সিকদার।
এছাড়া শ্যামপুর ক্যাম্পাসের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পাশাপাশি সাউথ পয়েন্টের মালিবাগ, বারিধারা, উত্তরা, মিরপুর ও বনানী ক্যাম্পাসের অধ্যক্ষগণ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন কর্নেল মো শামসুল আলম পিএসসি অব., এয়ার কমোডর কাজী আব্দুল মঈন অব., গ্রুপ ক্যাপ্টেন কর্নেল মো জাহাঙ্গীর আলম তালুকদার পিএসসি অব. এবং লে. কর্নেল মো জাহাঙ্গীর আলম অব.। উচ্চপর্যায়ের এই উপস্থিতি আয়োজনের গুরুত্বকে আরও স্পষ্ট করে তোলে।
সভাপতির বক্তব্যে প্রফেসর নাজমুল হক সিকদার বলেন, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হলো সবচেয়ে বড় সহশিক্ষা কার্যক্রম যেখানে শিক্ষার্থীরা তাদের মেধা, শ্রম ও নেতৃত্বগুণ বিকাশের সুযোগ পায়। তিনি অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সম্মানিত অভিভাবকদের সক্রিয় উপস্থিতিই অনুষ্ঠানের সাফল্যের মূল শক্তি।
প্রধান অতিথি বলেন, সাউথ পয়েন্ট স্কুল সবসময় শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি শরীরচর্চা ও খেলাধুলায় সম্পৃক্ত রাখতে সচেষ্ট। কারণ সুস্থ শরীর ছাড়া সুস্থ মন গঠন সম্ভব নয়।
আয়োজকদের মতে, শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা, দলগত চেতনা এবং প্রতিযোগিতামূলক মানসিকতা গড়ে তুলতেই প্রতিবছর এই ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। একই সঙ্গে এটি শৃঙ্খলা, নেতৃত্ব এবং সক্রিয় অংশগ্রহণের মনোভাব তৈরির একটি কার্যকর প্ল্যাটফর্ম।
ডিভাইসনির্ভর সময়ে যখন শিশু ও কিশোররা ধীরে ধীরে মাঠ থেকে দূরে সরে যাচ্ছে, তখন এমন আয়োজন তাদের আবার খেলাধুলায় ফিরিয়ে আনার বাস্তব উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। সুশৃঙ্খল ব্যবস্থাপনা, কড়া নিরাপত্তা এবং পরিকল্পিত বাস্তবায়ন নিশ্চিত করেছে যে এটি শুধু একটি স্কুল ক্রীড়া অনুষ্ঠান নয়, বরং আন্তর্জাতিক মানের শিক্ষাঙ্গনভিত্তিক ক্রীড়া সংস্কৃতির একটি শক্ত উদাহরণ
- ছবি সংগৃহীত


