বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণ নিশ্চিত করতে আগামী ১২ ফেব্রুয়ারি সবাইকে ভোটাধিকার প্রয়োগ করতে হবে। কৃষি ও কৃষক ভালো থাকলেই দেশ ও দেশের মানুষ ভালো থাকবে বলেও তিনি মন্তব্য করেন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে ময়মনসিংহ নগরীর ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে বিএনপি আয়োজিত বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় গেলে দেশকে দুর্নীতিমুক্ত করা হবে। যারা দুর্নীতিতে জড়িত থাকবে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দুর্নীতি দমন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং কৃষি ও কৃষকের উন্নয়নে বিএনপির সুস্পষ্ট অবস্থান তুলে ধরেন।

তিনি বলেন, অতীতের বিএনপি সরকারের সময়কার অভিজ্ঞতার আলোকে ভবিষ্যতেও রাষ্ট্র পরিচালিত হবে। বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের সমালোচনা করে তিনি বলেন, যাদের দল থেকে একসময় মন্ত্রী ছিলেন, তারাই আজ পতিত স্বৈরাচার সরকারের ভাষায় বিএনপির বিরুদ্ধে কথা বলছেন। অভিযোগ সত্য হলে তারা তখন কেন প্রতিবাদ বা পদত্যাগ করেননি—এ প্রশ্নও তোলেন তিনি।

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কখনো দুর্নীতিকে প্রশ্রয় দেননি উল্লেখ করে তারেক রহমান বলেন, তিনি দেশকে ভয়াবহ দুর্নীতির হাত থেকে রক্ষা করেছেন। বিএনপি কখনো দুর্নীতি করেনি এবং ভবিষ্যতেও করবে না—এ প্রতিশ্রুতিও দেন তিনি।

তারেক রহমান অভিযোগ করেন, গত ১৬ বছর ধরে একটি দল জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার, বাকস্বাধীনতা ও ভোটাধিকার হরণ করেছে। এর ফলেই ২০২৪ সালে ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী সরকারের পতন ঘটে।

আসন্ন নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

নারী ও শিশুদের বিষয়ে তিনি বলেন, শিক্ষা, কর্মসংস্থান, স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপির সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। উদ্যোক্তা তৈরিতে সহজ ঋণ দেওয়া হবে এবং কর্মসংস্থানের সুযোগ বাড়ানো হবে। দেশের জনসংখ্যার অর্ধেক নারী—তাদের বাদ দিয়ে উন্নয়ন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। এ সময় ফ্যামিলি কার্ড ও কৃষকদের জন্য কৃষক কার্ড চালুর পরিকল্পনার কথাও জানান।

সমাবেশে ময়মনসিংহ বিভাগের ২৪টি আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীদের জনতার সঙ্গে পরিচয় করিয়ে দেন তারেক রহমান এবং ভোট প্রার্থনা করেন।

ময়মনসিংহ জেলা (দক্ষিণ) বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলুর সভাপতিত্বে এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির ময়মনসিংহ বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ সদর-৪ আসনের প্রার্থী আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এবং দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান রোকনের যৌথ সঞ্চালনায় সমাবেশটি অনুষ্ঠিত হয়।

সমাবেশে আরও বক্তব্য দেন ময়মনসিংহ মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক একেএম শফিকুল ইসলাম, মুক্তাগাছা আসনের প্রার্থী জাকির হোসেন বাবলু, ফুলপুর-তারাকান্দা আসনের প্রার্থী মোতাহার হোসেন তালুকদারসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

সমাবেশের শুরুতে তারেক রহমান জুলাই–আগস্ট গণআন্দোলনে ময়মনসিংহে শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় ‘আগামী দিনের প্রধানমন্ত্রী তারেক রহমান’ স্লোগানে সমাবেশস্থল মুখরিত হয়ে ওঠে।

সমাবেশে তারাকান্দাকে পৌরসভায় রূপান্তরের দাবি জানানো হলে বিষয়টি বিবেচনার আশ্বাস দেন তারেক রহমান।

সভায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও নেত্রকোনার কৃতি সন্তান সংসদ সদস্য প্রার্থী লুৎফুজ্জামান বাবর বলেন, ময়মনসিংহ বিভাগের ২৪টি আসনই তারেক রহমানকে উপহার দিতে হলে সব দ্বিধা-দ্বন্দ্ব ভুলে ঐক্যবদ্ধ হতে হবে।

  • ছবি সংগৃহীত