চাঁপাইনবাবগঞ্জে গণভোটের প্রচার-প্রচারণা ও ভোটারদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে জেলা পর্যায়ে ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও চাঁপাইনবাবগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের যৌথ আয়োজনে মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বরে নবাবগঞ্জ মঞ্চে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ইমাম সম্মেলনে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. গোলাম মোস্তফা। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মুহাম্মদ শরিফুল ইসলাম। শুরুতে দোয়া পরিচালনা করেন জেলা মডেল মসজিদের ইমাম ও খতিব মুখতার আলী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. শাহাদাত হোসেন মাসুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) উজ্জ্বল কুমার ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার (এনএম ওয়াসিম ফিরোজ), সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীন, ইসলামি বিশ্বকোষের পরিচালক মো. জাকির হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজন, আল-জামিয়াতুল ইসলামিয়া নিমগাছি দারুল উলুম জেসামিয়া ক্বওমি মাদ্রাসার মুহতামিম মাওলানা মো. মাহবুবুর রহমান, জেলা তথ্য অফিসার রূপ কুমার বর্মন, চাঁপাইনবাবগঞ্জ কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মোহা. এমরান হোসেনসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
সম্মেলনে বক্তারা গণভোটের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বলেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোট প্রদান করলে দেশের ভবিষ্যৎ উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রা আরও সুদৃঢ় হবে। গণভোট সম্পর্কে সাধারণ ভোটারদের সচেতন ও উদ্বুদ্ধ করতে ইমাম ও ওলামায়ে কেরামদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তারা।
বক্তারা আরও বলেন, সমাজে ধর্মীয় নেতৃবৃন্দের রয়েছে ব্যাপক গ্রহণযোগ্যতা ও প্রভাব। সেই প্রভাবকে কাজে লাগিয়ে গণভোটের পক্ষে ইতিবাচক বার্তা জনগণের কাছে পৌঁছে দিতে ইমাম ও আলেম সমাজ সর্বোচ্চ ভূমিকা রাখবেন—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
ইমাম সম্মেলনে জেলার বিভিন্ন মসজিদের খতিব, ইমাম এবং আলেম সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।