চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও সিরাপ জব্দ করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৫৯ বিজিবি জানতে পারে যে একটি সংঘবদ্ধ চোরাচালান চক্র দেশের বিভিন্ন স্থানে পাচারের উদ্দেশ্যে নেশাজাতীয় পণ্য মজুদ করেছে। এ তথ্যের ভিত্তিতে ২৫ জানুয়ারি ২০২৬ তারিখ ভোর ৫টা ২০ মিনিটে আজমতপুর বিওপি থেকে একটি বিশেষ টহল দল চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন শাহবাজপুর ইউনিয়নের বাগিচাপাড়া গ্রামের শমসের আম বাগানে অভিযান পরিচালনা করে।
অভিযানকালে সীমান্ত পিলার ১৮২/২-এস থেকে আনুমানিক ৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মজুদ করা অবস্থায় ৩ হাজার ৪৯০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট (টেনসিউইন) এবং ফেন্সিডিলের বিকল্প ৪৮ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ (Eskuf DX) জব্দ করা হয়।
এ সময় চোরাকারবারীরা উপস্থিতি টের পেয়ে নেশাজাতীয় দ্রব্য ফেলে পালিয়ে যায়। ফলে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত নেশাজাতীয় দ্রব্যের বিষয়ে বিজিবি’র পক্ষ থেকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
বিজিবি সূত্র আরও জানায়, গত দুই মাসে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এ পর্যন্ত ফেন্সিডিলের বিকল্প বিভিন্ন ধরনের প্রায় ২ হাজার ২০০ বোতল নেশাজাতীয় সিরাপ এবং ২৬ হাজার ৩০০ পিস নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করেছে।
এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
- মসজিদের ক্ষতিগ্রস্ত স্থান।