আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ ও গণভোট উপলক্ষে ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলায় ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) ধোবাউড়া সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই), ঢাকার সহযোগিতায় সিনিয়র জেলা নির্বাচন অফিসারের কার্যালয়, ময়মনসিংহ এ কর্মশালার আয়োজন করে।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোঃ সাইফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান।

অনুষ্ঠানে অতিথিবৃন্দ সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে ভোটগ্রহণ কর্মকর্তাদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। একই সঙ্গে সাধারণ ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়।

  • ছবি সংগৃহীত