মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ ময়মনসিংহ পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয় ও ময়মনসিংহ সদর উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে অবৈধ সিসা কারখানার বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।
আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ময়মনসিংহ সদর উপজেলার সিরতা ইউনিয়নের আনন্দিপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়। সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈয়দা তামান্না হুরায়রার নেতৃত্বে পরিচালিত অভিযানে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়।
অভিযানকালে আইনটির ধারা ৬(গ) লঙ্ঘন করে ঝুঁকিপূর্ণ বর্জ্য উৎপাদনের দায়ে ‘মন্ডল কর্পোরেশন’ নামক একটি অবৈধ সিসা কারখানাকে ১,০০,০০০ (এক লাখ) টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়। একই সঙ্গে কারখানাটির সকল কার্যক্রম বন্ধের নির্দেশ প্রদান করা হয়।
মোবাইল কোর্টে পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ জেলা কার্যালয়ের পরিদর্শক মো. রুকন মিয়া প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। অভিযানে ময়মনসিংহ সদর থানা পুলিশ সার্বিক সহযোগিতা প্রদান করে।
পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, জনস্বার্থে পরিবেশ দূষণ রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।





