বাংলাদেশে চীনা বিনিয়োগ দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে চট্টগ্রামের আনোয়ারা বিশেষ অর্থনৈতিক অঞ্চলে আগামী ১৮ মাসের মধ্যে প্রথম শিল্প-কারখানা চালুর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চীনা ব্যবসায়ীরা এ লক্ষ্য অর্জনে ইতিবাচক সাড়া দিয়েছেন বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।
শনিবার (২৭ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক মালয়েশিয়া ও চীন সফরের বিভিন্ন দিক তুলে ধরে তিনি এসব তথ্য জানান।
বিডা চেয়ারম্যান বলেন, সফরকালে মোংলায় চীনের জন্য একটি বিশেষায়িত ইকোনমিক পার্ক এবং চট্টগ্রামের আনোয়ারায় একটি বিশেষায়িত ইকোনমিক জোন প্রতিষ্ঠার বিষয়ে গুরুত্বপূর্ণ সমঝোতা হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশে শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং বিদেশি বিনিয়োগ বৃদ্ধিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
তিনি আরও জানান, বাংলাদেশের জ্বালানি খাতের উন্নয়ন ও জ্বালানি নিরাপত্তা জোরদারে চীন সহযোগিতা বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে। ভবিষ্যতে এ খাতে যৌথ বিনিয়োগ ও প্রযুক্তিগত সহায়তার সুযোগও তৈরি হতে পারে।
ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেন, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক চীন সফরের মাধ্যমে দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে। সফরের সময় বাংলাদেশ ও চীনের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও বিস্তৃত করার বিষয়ে উভয় পক্ষ ইতিবাচক আলোচনা করেছে।
প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জানান, চীনের প্রেসিডেন্ট শি চিনপিং বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদি উন্নয়ন অংশীদারিত্ব আরও শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করেছেন। পাশাপাশি ব্রিকস এবং সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) সঙ্গে বাংলাদেশের সম্পৃক্ততা বৃদ্ধির ক্ষেত্রেও চীনের সমর্থনের কথা উল্লেখ করেছেন তিনি।
সংশ্লিষ্টরা মনে করছেন, সফরে গৃহীত বিভিন্ন উদ্যোগ বাস্তবায়িত হলে বাংলাদেশে চীনা বিনিয়োগ, শিল্পায়ন, অবকাঠামো উন্নয়ন এবং বাণিজ্যিক সহযোগিতায় নতুন গতি সৃষ্টি হবে।
- আশিক চৌধুরী




