চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দেশের দ্বিতীয় বৃহত্তম বিল ভাতিয়া দখল, মৎস্যজীবীদের ওপর হামলা এবং মাছ আহরণে বাধা দেওয়ার অভিযোগে মানববন্ধন করেছেন ভুক্তভোগী মৎস্যজীবীরা। একই সঙ্গে বিল সংলগ্ন খালে অবৈধ বাঁধ নির্মাণের কারণে প্রায় ২ হাজার একর ফসলি জমি জলাবদ্ধতার ঝুঁকিতে পড়েছে বলে দাবি করেছেন স্থানীয় কৃষকরা।
শনিবার (৬ জুন) বেলা ১১টায় শিবগঞ্জ উপজেলার কর্নখালী ব্রিজ চত্বরে দুর্গাপুর মৎস্যজীবী সমবায় সমিতির উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, নিয়ম অনুযায়ী বিল ভাতিয়ার ইজারা পেয়েছে দুর্গাপুর মৎস্যজীবী সমবায় সমিতি। কিন্তু একটি প্রভাবশালী চক্র হামলা, ভয়ভীতি ও নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করে বিলটি দখল করে রেখেছে। ফলে বৈধ ইজারাদাররা মাছ আহরণ করতে পারছেন না এবং ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।
বক্তারা আরও বলেন, দখলকারীরা কলমুগাড়া এলাকায় একটি খালে অবৈধভাবে বাঁধ নির্মাণ করেছে। এতে পানির স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে এবং বর্ষা মৌসুমে প্রায় ২ হাজার একর ফসলি জমি তলিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এতে কয়েক হাজার কৃষক ও মৎস্যজীবীর জীবিকা হুমকির মুখে পড়েছে।
মানববন্ধনে স্থানীয় কৃষক ও মৎস্যজীবীরা অভিযোগ করেন, জামবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাসিম মেম্বার এবং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য আব্দুল কালামের নেতৃত্বে এসব কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। তাদের দাবি, জেলে সম্প্রদায়ের সদস্যদের ওপর হামলা চালানো হয়েছে এবং এখনো বিভিন্নভাবে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে।
দুর্গাপুর মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম কালু, সদস্য জিন্নুর আলী, সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিক আলী, দাইপুকুরিয়া ইউনিয়ন পরিষদের সদস্য আকতারুল ইসলাম এবং সাবেক ইউপি সদস্য আব্দুল মালেকসহ অনেকে মানববন্ধনে বক্তব্য দেন।
বক্তারা অবিলম্বে বিল দখলমুক্ত করা, অবৈধ বাঁধ অপসারণ এবং মৎস্যজীবী ও কৃষকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। মানববন্ধনে সমিতির সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী অংশ নেন।





