বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) বাপের দোয়া, মায়ের দোয়া কমিটি করা হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বুধবার (৮ এপ্রিল) কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিসিবিসহ সারা দেশের ক্লাবগুলোতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা প্রভাব বিস্তার করে। বর্তমান গণতান্ত্রিক সরকার দায়িত্ব নেওয়ার পর ক্রীড়াঙ্গনের দুর্নীতি ও অব্যবস্থাপনা নিয়ে ইনকোয়ারি বা তদন্ত পরিচালনা করেছে। সেই তদন্ত প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী আগের বোর্ড ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
তিনি বলেন, নতুন করে তামিম ইকবালের নেতৃত্বে বিসিবির আহ্বায়ক কমিটি করা হয়েছে। এখানে বাপের দোয়া, মায়ের দোয়া কমিটি করিনি। এতদিন শুনতান মায়ের দোয়া পরিবহন আছে, আজ মাননীয় সদস্যের (হাসনাত) কল্যাণে জানলাম বাপের দোয়া কমিটিও আছে।
তিনি অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়, ইন্টেরিম গভর্নমেন্টের সময় বাংলাদেশ ব্যাংক কারা দখল করেছিল, সেটা মানুষ জানে। কাদের নেতৃত্বে, কীভাবে দেশের অর্থনীতিতে নৈরাজ্য করা হয়েছিল? আমরা মনে করেছিলাম দেশের অর্থনীতি পুনরুদ্ধারে তারা কাজ করবে, বিপরীত করেছে। আমরা এখন সাফার করছি।
তিনি আরও প্রশ্ন তোলেন, সমস্ত বিশ্ববিদ্যালয়ের ভিসিসহ অন্যান্যদের কারা নিয়ন্ত্রণে নিয়েছিল?
এর আগে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, বিসিবি এখন আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড নাই, এটা এখন বাপের দোয়া ক্রিকেট বোর্ডে পরিণত হয়ে গেছে।





