চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জনগণের মাঝে লিফলেট বিতরণ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
শুক্রবার (৬ মার্চ ২০২৬) দুপুর ২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানাধীন ফকিরপাড়া জামে মসজিদ এলাকায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে মাদককে একটি ভয়াবহ সামাজিক ব্যাধি হিসেবে উল্লেখ করে বলা হয়, এটি শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না; বরং একটি পরিবার, সমাজ এবং দেশের ভবিষ্যৎকেও অন্ধকারের দিকে ঠেলে দেয়। বিশেষ করে তরুণ প্রজন্ম মাদকের ঝুঁকিতে সবচেয়ে বেশি রয়েছে।
এসময় কর্মকর্তারা বলেন, মাদক প্রতিরোধে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর উদ্যোগই যথেষ্ট নয়। এ ক্ষেত্রে সমাজের সর্বস্তরের মানুষের সচেতনতা ও সহযোগিতা অত্যন্ত জরুরি। মাদকবিরোধী এই লিফলেট বিতরণ কর্মসূচির মূল উদ্দেশ্য হলো জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধি করা এবং সবাইকে মাদকের বিরুদ্ধে সোচ্চার করে তোলা।
তারা আরও বলেন, প্রতিটি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও পাড়া-মহল্লাকে মাদকমুক্ত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। কোথাও মাদক সংক্রান্ত কোনো তথ্য থাকলে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বানও জানান তারা।
এসময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা স্থানীয় জনগণের মাঝে লিফলেট বিতরণ করেন এবং মাদকের কুফল সম্পর্কে সচেতনতা সৃষ্টি করেন। কর্মসূচিতে স্থানীয় বাসিন্দারা মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার অঙ্গীকার করেন এবং মাদকমুক্ত সমাজ গড়তে প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানান।





