নোয়াখালীর সদর উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাঁচজন মাদকসেবীকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। সোমবার (২ মার্চ) দত্তের হাট, মহাব্বতপুর, সোনাপুর ও বাল্ডিংটন মোড়সহ বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযান সূত্রে জানা যায়, পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী কার্যক্রম জোরদারের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় ঘটনাস্থল থেকে প্রায় ২ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং পাঁচজনকে হাতেনাতে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- নোয়াখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মো. সুমন (৪৪),৬ নম্বর ওয়ার্ডের মো. রাজু (৩২) ও মো. ইয়াছিন (৪০),৭ নম্বর ওয়ার্ডের মো. রাব্বী (২৮),এবং অশ্বদিয়া ইউনিয়নের আনোয়ার হোসেন (২৯)।
পরবর্তীতে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে প্রত্যেককে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড ও নগদ অর্থদণ্ড প্রদান করা হয়।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর-এর কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা জানান, রমজান মাসে আইনশৃঙ্খলা বজায় রাখা এবং মাদকমুক্ত সমাজ গড়তে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।





