নাটোর-৩ (সিংড়া) আসনে চমক নয়, বড় ব্যবধানেই জয় পেয়েছেন মো. আনোয়ারুল ইসলাম আনু। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) নির্বাচন শেষে বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে এ তথ্য জানা যায়।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী, আনোয়ারুল ইসলাম আনু মোট ভোট পেয়েছেন ১ লাখ ১৯ হাজার ১৭০। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী দাউদার মাহমুদ (ঘোড়া প্রতীক) পেয়েছেন ৬৬ হাজার ১৯১ ভোট।
এছাড়া শাপলা কলি প্রতীকে ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি)-এর প্রার্থী জার্জিস কাদির বাবু পেয়েছেন ২০ হাজার ২৬৭ ভোট। হাতপাখা প্রতীকে মাওলানা খলিলুর রহমান পেয়েছেন ১৯ হাজার ১৯ ভোট। জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আশীক ইকবাল পেয়েছেন ২ হাজার ৯৫ ভোট এবং ফুটবল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী দেলোয়ার হোসেন পেয়েছেন ৩৬৬ ভোট।
এ আসনে “হ্যাঁ” ভোট পড়েছে ১ লাখ ৫৩ হাজার ৯৮৪ এবং “না” ভোট পড়েছে ৪৯ হাজার ৪৩৫।
উল্লেখ্য, নাটোর-৩ আসনটি নাটোর জেলার অন্তর্গত সিংড়া উপজেলা নিয়ে গঠিত। এখানে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ২৬ হাজার ৮৭২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬৪ হাজার ৮৮ জন, নারী ভোটার ১ লাখ ৬২ হাজার ৭৮১ জন এবং হিজড়া ভোটার ৩ জন।
- নবনির্বাচিত সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম আনু জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, সিংড়া উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক এবং সিংড়া দমদমা পাইলট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন।





