আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)-এর তারা প্রতীকের পক্ষে ব্যাপক গণসংযোগ ও প্রচার-প্রচারণা চালিয়েছেন দলটির মনোনীত প্রার্থী মোঃ ফজলুর ইসলাম খাঁন সুমন।
শনিবার (৩১ জানুয়ারি) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের শিমুলতলা মোড়, আমনুরা বাজার, রেল বাজার, ধীনগর, পাওয়েল গ্রাম, জামতলা বাজারসহ বিভিন্ন গ্রাম ও পাড়া-মহল্লায় অসংখ্য নেতাকর্মীকে সঙ্গে নিয়ে গণসংযোগ করেন তিনি। এ সময় তিনি সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তারা প্রতীকে ভোট প্রার্থনা করেন।
জেএসডি প্রার্থী মোঃ ফজলুর ইসলাম খাঁন সুমন চাঁপাইনবাবগঞ্জের সুপরিচিত জননেতা প্রয়াত এহসান আলী খাঁনের সুযোগ্য সন্তান। পিতার রাজনৈতিক আদর্শকে ধারণ করে সাধারণ মানুষের দোরগোড়ায় গিয়ে ভোট চাইছেন তিনি—এমনটাই জানান স্থানীয় বাসিন্দারা।
গণসংযোগকালে তিনি বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলেন এবং এলাকার সার্বিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দেন। পাশাপাশি তিনি সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন।
স্থানীয় জেএসডি নেতাকর্মীরা জানান, তারা প্রতীক নিয়ে সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া লক্ষ্য করা যাচ্ছে। এই গণসংযোগ নির্বাচনী মাঠকে আরও প্রাণবন্ত করে তুলেছে বলেও তারা মন্তব্য করেন।





