চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) উদ্যোগে “মাদকমুক্ত বাংলাদেশ গঠনে তারুণ্যের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা ও সচেতনতামূলক গম্ভীরা গান অনুষ্ঠিত হয়েছে।
“মাদকের বিরুদ্ধে হই সচেতন, বাঁচাই প্রজন্ম বাঁচাই জীবন” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল ১০টায় সদর উপজেলার নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে বিদ্যালয়ের হলরুমে মতবিনিময় সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান। স্বাগত বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান। অনুষ্ঠান সঞ্চালনা করেন বালুগ্রাম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ গোলাম ফারুক মিঠুন।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ হাসান মারুফ বলেন,
“মাদক একটি জাতির ভবিষ্যৎ ধ্বংস করে দেয়। বিশেষ করে তরুণ ও যুবসমাজ মাদকের কারণে বিপথগামী হচ্ছে। মাদক প্রতিরোধে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে একযোগে কাজ করতে হবে। মাদকমুক্ত বাংলাদেশ গড়তে তরুণ-যুবকদের অগ্রণী ভূমিকা অপরিহার্য।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার, সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ইয়াসির আরাফাত, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক (‘ক’ সার্কেল) মোঃ রফিকুল ইসলাম এবং নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আসলাম কবির।
বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিয়মিতভাবে মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতে সেমিনার, উঠান বৈঠক, আলোচনা সভা এবং স্কুল-কলেজে “মাদকে না বলুন” স্লোগানসংবলিত লিফলেট বিতরণ করছে।
অনুষ্ঠানের শেষ পর্বে মাদকবিরোধী সচেতনতামূলক গম্ভীরা গান পরিবেশন করা হয়, যা উপস্থিত দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।






