“সবুজে গড়ি পরিবেশ, সুন্দর হোক বাংলাদেশ”যে এই প্রতিপাদ্যকে সামনে রেখে পরিবেশ সুরক্ষা ও বৃক্ষরোপণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেছে ব্র্যাক শিক্ষা কর্মসূচি।
রোববার (২৮ জুন) সকাল ১১টায় চাঁপাইনবাবগঞ্জের নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। ব্র্যাক সূত্রে জানা যায়, চলতি বছরে জেলায় ব্র্যাক পরিচালিত ৬৩টি প্রাইমারি স্কুল ও ১০০টি স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে মোট ১৩ হাজার ৪৮৪টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হচ্ছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আসলাম কবীর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক শিক্ষা কর্মসূচির ডিভিশনাল ম্যানেজার রাজ কেশর রায়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক মো. ফেরদৌস হোসেন তালুকদার, জেলা প্রতিনিধি মোছা. মোমেনা খাতুন, উপজেলা ব্যবস্থাপক এস. এম. রফিকুল ইসলাম এবং কর্মসূচি সংগঠক মো. সাইফুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেওয়ার মাধ্যমে তাদের মধ্যে পরিবেশবান্ধব মানসিকতা গড়ে উঠবে এবং ভবিষ্যতে একটি সবুজ, পরিচ্ছন্ন ও টেকসই বাংলাদেশ গঠনে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।




