৩৭ মামলার আসামি, তিন দফা কারাভোগ; ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সহ-সভাপতি পদে মাহফুজুল ইসলাম ভূঁইয়া
দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রাম, একের পর এক মামলা, কারাভোগ ও নির্যাতনের অধ্যায় পেরিয়ে এবার ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সভাপতি পদে জায়গা পেলেন খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের আহ্বায়ক মো. মাহফুজুল ইসলাম ভূঁইয়া মামুন।
গত ৪ মে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত কমিটিতে তার নাম ঘোষণা করা হয়। কমিটি ঘোষণার পর থেকেই সংগঠনের তৃণমূল নেতাকর্মীদের মধ্যে আলোচনায় উঠে এসেছে “দুঃসময়ের কর্মী” হিসেবে পরিচিত মামুনের রাজনৈতিক পথচলা।
২০১০ সালে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারোবাড়ী ইউনিয়ন থেকে ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় হন মাহফুজুল ইসলাম ভূঁইয়া মামুন। পরে ২০১৪-১৫ সেশনে রাজধানীর খিলগাঁও মডেল কলেজে ভর্তি হয়ে ক্যাম্পাস রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখেন। ধারাবাহিক সাংগঠনিক কার্যক্রমের মধ্য দিয়ে তিনি কলেজ ছাত্রদলের আহ্বায়কের দায়িত্ব পান।
দলীয় নেতাকর্মীদের দাবি, গত ১৪ বছরের রাজনৈতিক জীবনে ঈশ্বরগঞ্জ থানা, খিলগাঁও, পল্টন, রামপুরা ও সবুজবাগ থানায় দায়ের হওয়া ৩৭টি মামলার আসামি হয়েছেন মামুন। তিন দফায় মোট ১১ মাস ১২ দিন কারাভোগও করতে হয়েছে তাকে। রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে গিয়ে বহুবার হামলা, হয়রানি ও নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে পরিচালিত অভিযানে।
সবচেয়ে আলোচিত ঘটনাগুলোর একটি ঘটে ২০২৩ সালের ৭ নভেম্বর। গুরুতর অসুস্থ বাবা জাহেদুল ইসলাম ভূঁইয়াকে দেখতে গোপনে গ্রামের বাড়িতে গেলে সেখান থেকেও তাকে গ্রেপ্তার করা হয়। ওই ঘটনায় স্থানীয় পর্যায়ে ব্যাপক আলোচনা তৈরি হয় এবং নেতাকর্মীরা এটিকে “রাজনৈতিক হয়রানির নির্মম উদাহরণ” হিসেবে আখ্যা দেন।
রাজনৈতিক পরিচয়ের বাইরে ক্যাম্পাসভিত্তিক সামাজিক কর্মকাণ্ডেও সক্রিয় রয়েছেন মামুন। খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজে বিজ্ঞান ক্লাব, সাংস্কৃতিক ক্লাব ও রক্তদান সংগঠনসহ একাধিক শিক্ষামূলক ও মানবিক প্ল্যাটফর্ম গড়ে তুলেছেন তিনি। শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ, মাদক-জুয়া ও চাঁদাবাজিবিরোধী শপথ কর্মসূচি এবং সামাজিক সচেতনতামূলক কার্যক্রমেও নেতৃত্ব দিয়েছেন নিয়মিত।
কলেজের একাধিক শিক্ষার্থী জানান, রাজনৈতিক নেতা হিসেবেই নয়, ব্যক্তিগত প্রয়োজনে বড় ভাইয়ের মতো পাশে দাঁড়ানোর কারণেও ক্যাম্পাসে আলাদা গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে মামুনের।
সংগঠনের নেতাকর্মীদের ভাষ্য, রাজপথের নির্যাতন, মামলা-কারাভোগ এবং দীর্ঘ সাংগঠনিক সক্রিয়তার স্বীকৃতিস্বরূপই এবার মহানগর পূর্ব ছাত্রদলের নেতৃত্বে গুরুত্বপূর্ণ পদে জায়গা পেয়েছেন মাহফুজুল ইসলাম ভূঁইয়া মামুন।





