তথ্য অধিদপ্তরের (পিআইডি) প্রধান তথ্য অফিসার (গ্রেড-১ সচিব পদ মর্যাদায় ) হিসেবে নিয়োগ পেয়েছেন বিশিষ্ট সাংবাদিক ও প্রথিতযশা লেখক সৈয়দ আবদাল আহমদ। রোববার (২৬ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাঁকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক এই নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক ত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছর মেয়াদে তাঁকে এই পদে নিয়োগ প্রদান করা হলো। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
সৈয়দ আবদাল আহমদ বাংলাদেশের সাংবাদিকতা ও বুদ্ধিবৃত্তিক অঙ্গনের এক সুপরিচিত ব্যক্তিত্ব। তিনি দৈনিক আমার দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। অনুসন্ধানী সাংবাদিকতায় বিশেষ কৃতিত্বের জন্য তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) থেকে শ্রেষ্ঠ রিপোর্টারের পুরস্কার ও সম্মাননা লাভ করেন। পেশাদার সাংবাদিকতার পাশাপাশি তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপ-প্রেস সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
একজন গুণী লেখক হিসেবেও সৈয়দ আবদাল আহমদের খ্যাতি রয়েছে। শ্রেষ্ঠ লেখক হিসেবে তিনি মর্যাদাপূর্ণ ‘ফিলিপস পুরস্কার’ লাভ করেন। তাঁর রচিত ‘নন্দিত খালেদা জিয়া’ গ্রন্থটি পাঠক ও রাজনৈতিক মহলে ব্যপক সমাদৃত। এছাড়া তিনি জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে সাংবাদিকদের অধিকার আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
ব্যক্তিজীবনে সৈয়দ আবদাল আহমদ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার সদর ইউনিয়নের নাসিরপুর গ্রামের সম্ভ্রান্ত ‘সৈয়দ বাড়ি’ (সাব বাড়ি)-র কৃতি সন্তান। তাঁর এই নতুন দায়িত্ব প্রাপ্তিতে নাসিরনগর ও ব্রাহ্মণবাড়িয়ার সুধীজন অভিনন্দন জানিয়েছেন। অনেকে বলছেন, তাঁর মতো একজন দক্ষ ও প্রবীণ সাংবাদিককে তথ্য অধিদপ্তরের শীর্ষ পদে বসানোয় সরকারের তথ্য প্রচার ও গণমাধ্যম ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে।
- ছবি সংগৃহীত





