সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ঘটে যাওয়া কয়েকটি হত্যাকাণ্ড ও সহিংস ঘটনার পরই তাৎক্ষণিকভাবে এক ধরনের নির্দিষ্ট বয়ান সামাজিক ও আন্তর্জাতিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এসব ঘটনার প্রেক্ষাপটে তা “সংখ্যালঘু নিধন” হিসেবে উপস্থাপন করা হচ্ছে, যদিও তদন্ত প্রক্রিয়া এখনো চলমান।
বিশ্লেষকরা মনে করছেন, হত্যাকাণ্ডের পেছনে সাধারণত একাধিক কারণ থাকে। ব্যক্তিগত শত্রুতা, ব্যবসায়িক বিরোধ, স্থানীয় আধিপত্য বিস্তার, চাঁদাবাজি বা ক্ষমতার দ্বন্দ্বের মতো বহু বাস্তবতা ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। কিন্তু সাম্প্রতিক ঘটনায় এই বহুমাত্রিক দিকগুলো প্রায়শই উপেক্ষিত হয়ে যাচ্ছে এবং ঘটনার সঙ্গে ধর্মীয় প্রেক্ষাপট যুক্ত করার চেষ্টা দেখা যাচ্ছে।
তদন্তের আগেই এমন “ধর্মীয় সহিংসতা”র লেবেল দেওয়া জনমনে আতঙ্ক সৃষ্টি করছে এবং দেশের ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করছে।
বিশেষ করে ভারতের কিছু গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে একই ধরনের শব্দচয়ন, গ্রাফিক্স ও আবেগপ্রবণ উপস্থাপনা বারবার চোখে পড়ছে, যা আলাদা ঘটনা গুলোকে একত্র করে একটি বৃহত্তর রাজনৈতিক বা ধর্মীয় বয়ান তৈরির ইঙ্গিত দেয়।
বিশ্লেষকরা বলছেন, এই ধরনের প্রচারণার লক্ষ্য হতে পারে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশকে অস্থিতিশীল ও সংখ্যালঘুবিরোধী রাষ্ট্র হিসেবে উপস্থাপন করা। এমন প্রবণতা কেবল সাংবাদিকতার নৈতিক মানদণ্ডকে প্রশ্নবিদ্ধ করে না, বরং দুই দেশের সাধারণ মানুষের মধ্যেও অবিশ্বাস ও দূরত্ব বৃদ্ধি করে।
রাষ্ট্রের দায়িত্ব হলো প্রতিটি ঘটনার স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্ত নিশ্চিত করা। তবে একই সঙ্গে সতর্ক থাকতে হবে- যাচাই-বাছাই ছাড়া তৈরি হওয়া প্রচারণা প্রকৃত অপরাধীদের আড়াল করতে পারে এবং সমাজে বিভাজন আরো গভীর করতে পারে।
এই পরিস্থিতিতে প্রশ্নটি শুধুমাত্র অপরাধ হয়েছে কি না- তা নয়, বরং দেখতে হবে, কীভাবে এবং কার স্বার্থে এসব ঘটনা একটি নির্দিষ্ট রাজনৈতিক ও ধর্মীয় রঙে উপস্থাপন করা হচ্ছে।





