মোঃ আল আমিন ইসলাম নীলফামারী প্রতিনিধিঃ সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নীলফামারী-৩ (জলঢাকা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে সংসদ সদস্য পদে মনোনয়ন পেয়েছেন আলহাজ্ব সৈয়দ আলী। তিনি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও নীলফামারী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি। এছাড়া তিনি জলঢাকা উপজেলার দুইবারের সাবেক সফল চেয়ারম্যান।
গত ৫ আগস্টের পর থেকেই তিনি নির্বাচনী মাঠে সক্রিয়ভাবে উপস্থিত থেকে ধারাবাহিক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। উপজেলার বিভিন্ন এলাকায় উঠান বৈঠক, গণসমাবেশ ও সাংগঠনিক সভার মাধ্যমে দলীয় নির্দেশনা অনুযায়ী প্রচার-প্রচারণা পরিচালনা করেন তিনি। তার এই নিরলস রাজনৈতিক কর্মকাণ্ডের মূল্যায়ন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাকে নীলফামারী-৩ আসনের জন্য মনোনীত করে।
মনোনয়ন ঘোষণার পর তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সন্তোষ ও উৎসাহ লক্ষ্য করা গেছে। নেতাকর্মীরা জানান, “জলঢাকায় একজন যোগ্য ও পরীক্ষিত নেতাকে প্রার্থী দেওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত। আমরা ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করে বিপুল ভোটে বিজয় নিশ্চিত করব। কারণ আমাদের সঙ্গে রয়েছে জনগণের ভালোবাসা।”
সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব সৈয়দ আলী বলেন,
“কৃষক, শ্রমিক, দিনমজুর, জেলে, কুমারসহ সকল পেশাজীবী মানুষ এবং হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও মুসলমান—সব ধর্ম-বর্ণের মানুষকে নিয়েই আমি এগিয়ে যেতে চাই। অতীতেও আপনারা আমাকে যে ভালোবাসা ও আমানত (ভোট) দিয়েছেন, আমি তা কখনো ভুলিনি। এবারও ধানের শীষ প্রতীক নিয়ে আপনাদের ভোটের লড়াইয়ে অংশ নিচ্ছি। জয়ী হলে আমি আপনাদের সেবক হিসেবে পাশে থাকব—এটাই আমার প্রতিশ্রুতি।”
এদিকে তার মনোনয়ন ঘোষণাকে ঘিরে জলঢাকার বিভিন্ন এলাকায় আনন্দ-উল্লাস লক্ষ্য করা গেছে। সচেতন নাগরিক ও সাধারণ মানুষ বলছেন, “আলহাজ্ব সৈয়দ আলী একজন গ্রহণযোগ্য ও সকলের পছন্দের মানুষ। আমরা আমাদের ভোট আর নষ্ট করব না, সঠিক জায়গাতেই দেব। বিএনপি একটি গৌরবময় রাজনৈতিক দল, আর ধানের শীষ আমাদের আশা-আকাঙ্ক্ষার প্রতীক।”





