মোঃ ইব্রাহিম আলী, সিংড়া (নাটোর) প্রতিনিধি: বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় নাটোরের সিংড়ায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে সিংড়ার গোল-ই আফরোজ সরকারি কলেজ মাঠে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির আয়োজনে এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নাটোর-৩ (সিংড়া) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু বলেন,খালেদা জিয়ার সুস্থতায় আজ দল-মত নির্বিশেষে সারা দেশের মানুষ দোয়া করছেন। দেশের সাধারণ মানুষ এই গণতান্ত্রিক নেত্রীর দ্রুত আরোগ্য কামনা করছেন।
তিনি আরও বলেন, “গত ১৬ বছর নানা জেল-জুলুম ও নির্যাতন সহ্য করেও দেশ ছাড়েননি দেশনেত্রী বেগম খালেদা জিয়া। দেশের মানুষের প্রতি তাঁর ভালোবাসাই তাঁকে দেশের মাটিতে বেঁধে রেখেছে।”
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে অধ্যক্ষ আনু বলেন, “আগামী নির্বাচনের জন্য বিএনপি সারা দেশে প্রার্থী ঘোষণা করেছে। সিংড়া আসনে আমাকে ধানের শীষের মনোনয়ন দেওয়া হয়েছে। ধানের শীষ শুধু আমার নয়—এটি আপনাদের, আমাদের, সবার প্রতীক এবং গণতন্ত্রের প্রতীক।”
পৌর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন সাখার সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট মোঃ শামীম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—
উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক চেয়ারম্যান শারফুল ইসলাম বুলবুল,
ইব্রাহিম খলিল ফটিক, বজলার রহমান বাচ্চু, শাহাদাত হোসেনসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন উপজেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা মোঃ আসাদুল ইসলাম আসাদ।





